শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় বন্দুক, ৪১ রাউন্ড গুলিসহ রফিক বাহিনীর দুই সদস্য গ্রেপ্তার

খুলনায় বন্দুক, ৪১ রাউন্ড গুলিসহ রফিক বাহিনীর দুই সদস্য গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত

খুলনা মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ১টি রিভলবার ও ৪১ রাউন্ড তাজা গুলিসহ শীর্ষ সন্ত্রাসী রফিক বাহিনীর দুই সক্রিয় সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম ও খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন—সালাউদ্দিন আহমেদ (২৯) এবং আবিদ হাসান রানা (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল লবণচরা থানাধীন ৪নং ওয়ার্ডের মধ্য হরিণটানা এলাকায় অভিযান চালায়। সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে আবিদ হাসান রানার বাসার একটি কক্ষের বিছানার নিচ থেকে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—১টি রিভলবার, ১টি রিভলবারের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ এবং ২৪টি শর্টগানের তাজা কার্তুজ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা খুলনা অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী রফিক বাহিনীর সক্রিয় সহযোগী বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশে নিজেদের সহযোগীদের অস্ত্র ও গুলি সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় খুলনা সদর থানায় সংশ্লিষ্ট অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযান প্রসঙ্গে সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, অপরাধী যতই সংঘবদ্ধ বা পরিকল্পিত হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগী ও ইন্ধনদাতাদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়