শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হাতিয়ায় এমপির বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৮

হাতিয়ায় এমপির বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৮
ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য (এমপি) হান্নান মাসউদের বক্তব্যকে ঘিরে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।

বৃহস্পতিবার দুপুরে হাতিয়া উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় হান্নান মাসউদ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে যাচ্ছিলেন।

বিএনপি নেতাদের দাবি, সম্প্রতি জাতীয় সংসদসহ বিভিন্ন সমাবেশে হান্নান মাসউদ বিএনপির নেতাকর্মীদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। হান্নান মাসউদ উপজেলা পরিষদ ভবনের গেটে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সংসদ সদস্য সভার দিকে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও কথা কাটাকাটি হয়। আমরা দ্রুত পরিবেশ শান্ত করি।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, দুই পক্ষের নেতাকর্মীদের উপস্থিতিতে গেটে উচ্চবাচ্য ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পরে প্রশাসনের সহযোগিতায় সংসদ সদস্যকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।

এনসিপির উপজেলা আহ্বায়ক শামসুদ্দিন তিবরিজ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিনা কারণে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী বলেন, এমপি প্রতিনিয়ত বিভিন্ন স্থানে বিএনপিকে জড়িয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। তার এ আচরণ ও উগ্রতার কারণেই ক্ষুব্ধ নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন, এখানে দলের কোনো পূর্বনির্দেশনা ছিল না।

এ বিষয়ে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ জানান, তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে যাওয়ার পথে বিএনপির ক্যাডাররা হট্টগোল শুরু করে। একপর্যায়ে তারা হাতাহাতিতে লিপ্ত হয়। এ সময় তাদের একটি ঘুষি তার ঘাড়ে লাগে বলে অভিযোগ করেন তিনি।

জনপ্রিয়