শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:০৬, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় বাসে তল্লাশি, ২,৪২৮ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

পটিয়ায় বাসে তল্লাশি, ২,৪২৮ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ৪২৮ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এসআরবি-৭ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কমল মুন্সীর হাটের দক্ষিণে মেগা ইন্টারন্যাশনাল হলের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন—লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কুসাখালী এলাকার মো. জসিম উদ্দিন (৫০) ও তার স্ত্রী রিমা বেগম (৩৫)।

এসআরবি-৭ চট্টগ্রাম জানায়, কয়েকজন মাদক কারবারি যাত্রীবাহী বাসে করে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে ইয়াবা নিয়ে আসছে—এ তথ্যের ভিত্তিতে দুপুর ২টা ২০ মিনিটের দিকে কমল মুন্সীর হাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। ওই চেকপোস্টে ‘তিশা প্লাটিনাম’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় যাত্রীবেশে থাকা জসিম উদ্দিন ও রিমা বেগমকে সন্দেহ হয়। পরে তাদের তল্লাশি চালানো হয়।

এ সময় কোমরে বিশেষ কৌশলে রাখা ছয়টি ইয়াবার পোটলা পাওয়া যায়। এসব পোটলা থেকে মোট দুই হাজার ৪২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা।

এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার দুজন ও উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়