শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬

“জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা”

“জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা”
ছবি: সংগৃহীত

জাপানে বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি জাপানি ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, জাপানের বয়স্ক জনগোষ্ঠীর তুলনায় বাংলাদেশে তরুণের সংখ্যা বেশি—দুই দেশের এই জনমিতিক পার্থক্যকে কাজে লাগিয়ে পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব।

শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাপানে দক্ষ শ্রমিক প্রেরণ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, জাপান ও বাংলাদেশের জনসংখ্যার কাঠামোর মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। জাপানে জনসংখ্যার চিত্র ‘ইনভার্টেড পিরামিড’ বা উল্টো পিরামিডের মতো। সেখানে তরুণের সংখ্যা কম, বিপরীতে বয়স্ক মানুষের সংখ্যা অনেক বেশি। অন্যদিকে বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেশি, যা একটি স্বাভাবিক পিরামিডের মতো। দুই দেশের এই বৈপরীত্যকে সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, জাপানে বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে জাপানি ভাষা শেখার ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানি ভাষা শিক্ষার জন্য প্রয়োজনে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেছেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, বাংলাদেশের গ্রামাঞ্চলের কর্মহীন মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং জাপানের বয়স্ক সেবা খাতে বাংলাদেশি জনশক্তির কাজের সুযোগ সৃষ্টি করা গেলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সমৃদ্ধ হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়