শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জানাজা থেকে মোটরসাইকেল চুরি, ছাত্রদলের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

জানাজা থেকে মোটরসাইকেল চুরি, ছাত্রদলের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার জানাজায় অংশ নিতে এসে মোটরসাইকেল হারান যুবদলের বহিষ্কৃত নেতা শামসুল হক চ্যাম্পিয়ন। ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী এলাকার বাসিন্দা মাজহারুল ইসলাম জয়। তিনি আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ২০২৫ সালের ২৪ জুলাই তাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে মদন উপজেলার দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজায় অংশ নিতে যান শামসুল হক চ্যাম্পিয়ন। তিনি কবরস্থানের পাশে তার কালো-নীল রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটি রেখে নামাজে অংশ নেন। প্রায় এক ঘণ্টা পর ফিরে এসে মোটরসাইকেলটি আর খুঁজে পাননি।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মদন থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় এক যুবককে মোটরসাইকেলটি নিয়ে যেতে দেখা যায়। পরে ফুটেজে দেখা পোশাক ও শারীরিক গড়নের সঙ্গে মিলিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম জানান, তদন্তের একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সন্দেহভাজন ব্যক্তির অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। সেখানে থাকা ছবিগুলোর সঙ্গে সিসিটিভি ফুটেজের মিল পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী এলাকায় অভিযান চালিয়ে মাজহারুল ইসলাম জয়কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দরগাহ রোড এলাকার একটি চায়ের দোকানের পাশ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলের মালিক শামসুল হক চ্যাম্পিয়ন মদন উপজেলার চানগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে তাকেও দল থেকে বহিষ্কার করা হয়।

মদন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রসেল শামসুল হক চ্যাম্পিয়নের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ জানিয়েছেন, অনৈতিক কর্মকাণ্ডের কারণে মাজহারুল ইসলাম জয়কে ২০২৫ সালের জুলাই মাসে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

ওসি সালাহউদ্দিন করিম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এ চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত মাজহারুল ইসলাম জয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়