রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন তারা। পরে বেলা ১১টার দিকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা।

চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও যারা এখনো নিয়োগপত্র পাননি, তাদের দ্রুত নিয়োগ দেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

প্রার্থীরা জানান, গত ২৪ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র দেওয়া শুরু হয়েছে। তবে বিভিন্ন জেলায় শত শত প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি। এতে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত এসব প্রার্থীর মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

‘চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫’ নামের একটি প্ল্যাটফর্মের দাবি, ১৪ হাজার ৩৮৪ জন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ১ হাজার ৫০০ প্রার্থীর নিয়োগপত্র ইস্যু হয়নি।

একই দাবি করেছে ‘কেন্দ্রীয় প্যানেল প্রাইমারি ২০২৫’। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও ভেরিফিকেশন শেষে যেসব প্রার্থীর নিয়োগপত্র ইস্যু করা হয়নি, তাদের বাদ পড়ার সুস্পষ্ট কারণ জনসম্মুখে প্রকাশসহ পাঁচ দফা দাবি জানিয়েছে প্ল্যাটফর্মটি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

এর আগে গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

পরে গত ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। একই সঙ্গে জেলা অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়।

চূড়ান্ত ফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থীরা নিয়োগপত্র পাওয়ার অপেক্ষায় ছিলেন। বিভিন্ন জেলায় নিয়োগপত্র বিতরণ শুরু হলে অনেকের অপেক্ষার অবসান হলেও এখনো নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়