চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৫২৮ জন গ্রেফতার, ২৮ হাজার ইয়াবা জব্দ
চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২৭ হাজার ৯৯৫ পিস ইয়াবা, ৪ কেজি ২৩০ গ্রাম গাঁজা ও ১৬৯ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে এসব গ্রেফতার ও জব্দ করা হয়েছে বলে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৫২৮ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭৮ জন, পূর্ববর্তী মামলায় ১১০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১২ জন রয়েছেন। এছাড়া কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৫১ জন, পরোয়ানা মূলে ৯৬ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ১৩৯ জনকে। এর মধ্যে মাদক বহনকারী দুজন ও মাদক সেবনকারী ১৩৭ জন। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছেন ১৭৯ জন।
এদিকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ১৩ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে ২৮টি মাদক মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, জনস্বার্থে মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



























