পূজার ছুটির সঙ্গে যুক্ত হলো আরও একদিন
দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ছে ছুটির পরিধি। পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারের চলতি বছরের ছুটির তালিকায় দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। তবে ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলার কথা থাকলেও ওই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর ফলে ২০ ও ২১ অক্টোবরের ছুটির পর ২২ অক্টোবরের নির্বাহী আদেশের ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। এতে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্ট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪ কোটি টাকা অনুদান চেয়েছিল। তবে ট্রাস্টকে ৫ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুর্গাপূজার কবে কোন দিন
এ বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।



























