শুক্রবার ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ২ অক্টোবর ২০২৬

রংপুরে ১৫.১ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, তিনজন গ্রেফতার

রংপুরে ১৫.১ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, তিনজন গ্রেফতার
গ্রাফিক্স

রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫.১ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি এবং ৬.৮ কেজি ওজনের চারটি কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৩ ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে এগুলো উদ্ধার করা হয়। এসময় মূর্তি পাচারকারী চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন—নগরীর গুপ্তপাড়ার মিজান (৪২), হারাগাছ থানার নয়াবাজার গ্রামের মোজাফফর হোসেন (৩৭) এবং কাউনিয়া থানার সোনাতন সিদ্দিক বাজার গ্রামের মাজেদুল ইসলাম (২৯)।

এসআরবি-১৩ জানায়, বৃহস্পতিবার রাতে নগরীর দক্ষিণ গুপ্তপাড়ার এ কে এম হুমায়ুন কবিরের চারতলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি এবং চারটি কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করে এসআরবি-১৩। এসময় মূর্তি চোরাচালান চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এসআরবি বাদী হয়ে মামলা করেছে। উদ্ধার হওয়া মূর্তিসহ জব্দ আলামত এবং গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়