শুক্রবার ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৯, ২ অক্টোবর ২০২৬

বেবিচকের প্রথম ‘সিভিল এভিয়েশন ইন্ডক্ট্রিনেশন ট্রেনিং’ সম্পন্ন

বেবিচকের প্রথম ‘সিভিল এভিয়েশন ইন্ডক্ট্রিনেশন ট্রেনিং’ সম্পন্ন
ছবিঃ সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সিভিল এভিয়েশন বিষয়ে মৌলিক ও সমন্বিত ধারণা দিতে প্রথমবারের মতো ‘Indoctrination Training on Civil Aviation’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষে শুক্রবার (২ অক্টোবর) সিভিল এভিয়েশন একাডেমিতে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ২৭ কর্মকর্তা অংশ নেন। গত ১৮-১৯ সেপ্টেম্বর, ২৫-২৬ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর—মোট পাঁচ দিন এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জুলকার নায়ন।

এ ছাড়া বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (এটিএম) এয়ার কমোডোর মো. নূর-ই-আলম, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমোডোর মো. মনিরুল ইসলাম, সদস্য (অর্থ) মোহাম্মদ নাজমুল হক, প্রধান প্রকৌশলী মো. জাকারিয়া হোসেন এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে সিভিল এভিয়েশন পলিসি অ্যান্ড প্রসিডিউর, ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন, এভিয়েশন সিকিউরিটি, এয়ার ট্রান্সপোর্ট ইকোনমি এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর কার্যক্রম ও আন্তর্জাতিক বাধ্যবাধকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মকর্তাদের বিমানবন্দর পরিচালনা ও কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (এটিএমসি), এপ্রোন ও ফায়ার স্টেশনও পরিদর্শন করানো হয়।

সমাপনী অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, সিভিল এভিয়েশন বিষয়ে সমন্বিত জ্ঞান ও অভিন্ন ধারণা মন্ত্রণালয় এবং বেবিচকের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারে ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি দেশের এভিয়েশন খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রশিক্ষণার্থীদের পক্ষে মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহাবুব আলম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা সিভিল এভিয়েশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাস্তব ও সমন্বিত ধারণা পেয়েছেন। এ জ্ঞান তাদের দায়িত্ব পালনের পাশাপাশি দেশের এভিয়েশন খাতের উন্নয়ন ও বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।

সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ হবে। আইকাও-এর স্ট্যান্ডার্ড ও সুপারিশমালার আলোকে বাংলাদেশের সিভিল এভিয়েশন খাতের উন্নয়নে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

সর্বশেষ

জনপ্রিয়