রোববার ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ৪ অক্টোবর ২০২৬

রাতের তিন দফার পর ভোরেও ভূমিকম্পে কাঁপল দেশ

রাতের তিন দফার পর ভোরেও ভূমিকম্পে কাঁপল দেশ
ছবি: সংগৃহীত

রাতের ব্যবধানে তিন দফা ভূমিকম্পের পর এবার ভোরে কম্পন অনুভূত হয়েছে দেশে। রোববার (৪ অক্টোবর) ভোর ৪টার দিকে রিখটার স্কেলে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোরের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ৪৪৩ কিলোমিটার দূরে।

এর আগে শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে প্রায় ৭৫ মিনিটের ব্যবধানে তিন দফা ভূমিকম্প অনুভূত হয় দেশের বিভিন্ন এলাকায়। রাত সোয়া ১২টা থেকে দেড়টার মধ্যে এসব কম্পন অনুভূত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। এর প্রভাবে কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রাম অঞ্চলে কম্পন অনুভূত হয়।

এর এক মিনিট পর ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। চট্টগ্রামের পাশাপাশি কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ আশপাশের জেলাগুলোতেও এর কম্পন অনুভূত হয়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলাকেন্দ্রিক ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যেও ত্রিপুরার ডালাই এলাকায় এই ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বল্প সময়ের ব্যবধানে একের পর এক ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন বিভিন্ন এলাকার বাসিন্দারা। মধ্যরাত ও ভোরে অনেকেই নিরাপদ আশ্রয়ের আশায় ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। এদিকে, ভূমিকম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে আবহাওয়া ও সিসমোলজিক্যাল পর্যবেক্ষণ কেন্দ্রগুলো।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়