অক্টোবরেই আসছে বজ্রঝড়-ঘূর্ণিঝড়
চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া মাসজুড়ে দেশে তিন থেকে চার দিন বজ্রঝড় হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অক্টোবরের দ্বিতীয়ার্ধে দেশে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তবে মাসজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, চলতি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোয় পানির প্রবাহ স্বাভাবিক থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদ-নদীর পানির সমতল সাময়িকভাবে দ্রুত বেড়ে যেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ ২ থেকে ৪ মিলিমিটার থাকতে পারে। এ সময় গড়ে দৈনিক ৪ থেকে ৬ ঘণ্টা উজ্জ্বল সূর্যকিরণ পাওয়ার সম্ভাবনা রয়েছে।



























