মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:৩৮, ৬ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগের সাথে সমঝোতার কোনো সুযোগ নেই: ডেপুটি স্পিকার

আওয়ামী লীগের সাথে সমঝোতার কোনো সুযোগ নেই: ডেপুটি স্পিকার
ছবিঃ সংগৃহীত

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই। তারা অপরাধী, অমানবিক এবং জনগণের প্রতি তাদের নির্মম আচরণের কারণেই তারা আমাদের রাজনৈতিক ভবিষ্যতের অংশ হওয়ার যোগ্যতা হারিয়েছে।

গতকাল সোমবার (০৫ অক্টোবর) তিন দিনব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশনের শেষদিনে এক বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

পতিত শাসকদের কারণে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণ বাধাগ্রস্ত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রতীকী পদক্ষেপ বা অর্থহীন ঐক্যের আহ্বানের চেয়েও বেশি কিছু করতে হবে। এর জন্য দায়মুক্তির পুঙ্খানুপুঙ্খ ও পদ্ধতিগত বিলোপ প্রয়োজন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শুধু একটা সরকার পরিবর্তন হয়নি, এটা ছিল বাংলাদেশের রাজনৈতিক কাঠামো পুনর্বিন্যাস করা। ভয়, স্বজনপ্রীতি এবং নাগরিক স্বাধীনতার দমনের ওপর দাঁড়িয়ে থাকা শাসনব্যবস্থাকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ।

ডেপুটি স্পিকারের মতে, এই বয়ডরহীন ও আপসহীন প্রজন্ম গণতন্ত্রের মর্যাদা ও মৌলিক অধিকার পুনরুদ্ধারের পাশাপাশি এমন এক জাতি গঠনের জন্য লড়েছে, এমন একটি বাংলাদেশ গঠনের জন্য লড়েছে যেখানে প্রত্যেক নাগরিককে একই মাপকাঠিতে দেখা হবে এবং যেখানে অপরাধীদের ন্যায়বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, এই ন্যায়বিচার শুধু শাস্তি দেওয়ার জন্য নয়। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে এমন উদাহরণ তৈরির জন্য যেন আর কেউ কখনো বাংলাদেশে স্বৈরাচারী শাসক হয়ে ওঠার কথা না ভাবে।

এ সময় আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে ডেপুটি স্পিকার বলেন, আমরা সবাই জানি, এই অপরাধীরা এখন বিক্ষিপ্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।

জনপ্রিয়