মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৪, ৬ অক্টোবর ২০২৬

মিয়ানমারে পাচারের অপেক্ষায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ

মিয়ানমারে পাচারের অপেক্ষায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ
ছবিঃ সংগৃহীত

মিয়ানমারে পাচারের অপেক্ষায় থাকা ৪০ হাজার কেজি (৮০০ বস্তা) সিমেন্ট চট্টগ্রামের পতেঙ্গায় জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাত ১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১২ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।

অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪০ হাজার কেজি বা ৮০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি আরও বলেন, জব্দ করা সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়