বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ৮ অক্টোবর ২০২৬

“জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি”

“জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি”
ছবি: সংগৃহীত

ভবিষ্যতে বাংলাদেশসহ গোটা বিশ্বে পানির সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, এখন থেকেই পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। দেশের উন্নয়ন পরিকল্পনার প্রতিটি পর্যায়ে পানির গুরুত্ব ও ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় রাখা জরুরি।

বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর অফিসকক্ষে ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানি নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, ইউনিসেফের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওয়াসা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প চলমান রয়েছে।

পানির নিরাপত্তা ও সুপেয় পানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পানি মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। ভবিষ্যতে পানি বাংলাদেশের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। একইভাবে বৈশ্বিক পর্যায়েও পানি মানবজাতির জন্য বড় সংকটের কারণ হতে পারে। তাই সংকট আরও প্রকট হওয়ার আগেই পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, পানি ব্যবস্থাপনায় উন্নত দেশগুলোর অভিজ্ঞতা থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়া প্রয়োজন। প্রায় ৬০ বছর আগে সুইডেনের মতো দেশগুলো প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারের নেতিবাচক প্রভাব উপলব্ধি করেছিল। বাংলাদেশও বর্তমানে একই ধরনের বাস্তবতার মুখোমুখি হচ্ছে। তাই উন্নত দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

জনপ্রিয়