মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ৯ অক্টোবর ২০২৬

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি
ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুরে মেট্রোরেলের পিলারগুলোতে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি নতুন করে আঁকার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক একটি ক্যাম্পেইন শুরু করেছে সংস্থাটি। এতে নগরবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় রং, ব্রাশসহ অন্যান্য সামগ্রী সরবরাহ করবে ডিএনসিসি।

শুক্রবার (৯ অক্টোবর) মিরপুরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম।

ডিএনসিসি জানিয়েছে, মেট্রোরেলের পিলারগুলোতে জুলাই গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে নগরকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। জুলাই অভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিদের স্মৃতি ও ভূমিকা তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, মেট্রোরেলের পিলার থেকে পোস্টার অপসারণের জন্য তিনি ৭২ ঘণ্টার সময়সীমা ঘোষণা করেছিলেন। স্থানীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের সহযোগিতায় নির্ধারিত সময়ের আগেই পোস্টার অপসারণ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস রচনায় যারা আত্মত্যাগ করেছেন ও সহযোগিতা করেছেন, তাদের অবদান মানুষের মনে স্মরণীয় করে রাখতে মেট্রোরেলের পিলারগুলোতে জুলাইয়ের গ্রাফিতি পুনরায় আঁকার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবেই এ কার্যক্রম শুরু করা হয়েছে।

শফিকুল ইসলাম আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও মেট্রোরেলের পিলারে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য, জুলাই অভ্যুত্থানের পেছনে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছবিও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, এ উদ্যোগ নিয়ে তারা রাজনীতি করতে চান না। বরং ইতিহাসের পাতায় যাদের যতটুকু অবদান রয়েছে, তা গ্রাফিতির মাধ্যমে সংরক্ষণ করতে চান।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়