শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ৯ অক্টোবর ২০২৬

ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে তরুণদের: ববি হাজ্জাজ

ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে তরুণদের: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ হিসেবেগড়ে তুলতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষায় যোগাযোগ, প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তব সমস্যার সমাধানে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) টেসলবিডি ও ইউল্যাবের যৌথ উদ্যোগে আয়োজিত ‘২য় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি (ইংলিশ ফর স্পেসিফিক পারপাস) কনফারেন্স ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার উদ্দেশ্য শুধু ডিগ্রি অর্জন নয়, বরং জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার গড়ে তোলা। প্রয়োজনীয় দক্ষতা না থাকলে শুধু সনদ দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া কঠিন। তাই শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে তারা অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর পাশাপাশি কর্মক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন।

দেশে ইংরেজি শিক্ষার সীমাবদ্ধতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ইংরেজি শেখানোর ক্ষেত্রে এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। 

দেশের বিভিন্ন অঞ্চলের বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে শিক্ষকদেরও ইংরেজিতে দক্ষ হতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজিতে পড়াশোনা করেও অনেক শিক্ষার্থী সাবলীলভাবে কথা বলা, লিখিতভাবে নিজের বক্তব্য প্রকাশ এবং পেশাগত যোগাযোগের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন।

এ অবস্থা থেকে উত্তরণে মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থার পরিবর্তে ইংরেজির ব্যবহারিক প্রয়োগ ও যোগাযোগের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ইংরেজি শুধু যোগাযোগের মাধ্যম নয়, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, ব্যবসা, অর্থনীতি ও ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আধুনিক জ্ঞান অর্জনেরও গুরুত্বপূর্ণ উপায়। আন্তর্জাতিক গবেষণা, প্রযুক্তিগত নির্দেশনা ও পেশাগত তথ্যের বড় অংশ ইংরেজিতে প্রকাশিত হয়। ফলে ভাষাগত দুর্বলতার কারণে মেধাবী শিক্ষার্থীরাও জ্ঞান অর্জন এবং কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে পিছিয়ে পড়তে পারেন। তবে ইংরেজির পাশাপাশি মাতৃভাষায় জ্ঞান ও প্রযুক্তিগত পরিভাষা সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির বিষয়ে ববি হাজ্জাজ বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে। তরুণদের জন্য সম্মানজনক কর্মসংস্থান, স্থিতিশীল আয়ের ব্যবস্থা এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের সামনে বাস্তবসম্মত কর্মসংস্থানের বিকল্প তৈরি করা গেলে তারা অপরাধপ্রবণতা থেকে দূরে থেকে উৎপাদনশীল কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন।

এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মমুখী শিক্ষা, সমস্যা সমাধানের সক্ষমতা, উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলিইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাইজেল কিলিক এবং বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। অনুষ্ঠানে টেসল সোসাইটি অব বাংলাদেশের সদস্যদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

জনপ্রিয়