প্রতিটি স্কুলে উন্নত কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী
আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি কম্পিউটার, ডিজিটাল শিক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শিক্ষার্থীদের সময়োপযোগী জ্ঞান অর্জনের সুযোগ দিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব ও আধুনিক শিক্ষাসুবিধা নিশ্চিত করা প্রয়োজন।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী।
মন্ত্রী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে শিক্ষাব্যবস্থার ধরনও বদলে গেছে। এখন কম্পিউটারের মাধ্যমে বিশ্বের নামকরা লাইব্রেরিগুলোর সঙ্গে যুক্ত হওয়া সম্ভব। অথচ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো পর্যাপ্ত কম্পিউটার ল্যাব নেই। শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে পরিচিত করতে এ ঘাটতি পূরণ করা জরুরি। নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত একটি উন্নত কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশের ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, সরকার উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিজ্ঞানসহ অর্থনীতি ও অন্যান্য বিষয়েও শিক্ষার্থীদের নতুন কিছু ভাবার এবং উদ্ভাবনী সক্ষমতা তৈরির সুযোগ দিতে হবে। নতুন প্রজন্মের চাহিদা ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। প্রধানমন্ত্রীও নতুন প্রজন্মের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের সুবিধা-অসুবিধা বিবেচনায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, ক্রিকেট, ফুটবল, সাঁতার ও ব্যাডমিন্টনের পাশাপাশি শুটিং ও আর্চারির মতো খেলাতেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় নারী শিক্ষার্থীরাও ভালো ফল করছেন। তাই বিদ্যালয় পর্যায় থেকেই খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার উপযুক্ত পরিবেশ গড়ে তোলা প্রয়োজন।
এ সময় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলো দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সমস্যাগুলো নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী এবং ২০২৫ সালে জুনিয়র ও প্রাথমিক বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।



























