হিন্দু-মুসলিম সমান অধিকার নিয়ে বসবাস করবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে ২১৩টি পূজামণ্ডপে ছয়শ কেজি করে জিআর চালের ডিও বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে পৃথক অনুষ্ঠানে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এসব ডিও তুলে দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনী আসনে হিন্দু-মুসলিম সবাই সমান অধিকার নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে। এর ব্যত্যয় হতে দেওয়া হবে না।’
বোদা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, এই বাংলাদেশ সবার।’ একটি সুন্দর, অসাম্প্রদায়িক ও আধুনিক বাংলাদেশ গঠনে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।
ধর্মীয় উসকানি দিয়ে পূজা উদযাপনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকে বোদা ও দেবীগঞ্জ উপজেলায় আট হাজার স্বেচ্ছাসেবীর সমন্বয়ে দল গঠন করা হয়েছে। এসব স্বেচ্ছাসেবী পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করবেন।
বোদা উপজেলায় ৯৬টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে ছয়শ কেজি করে চালের ডিও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ জিয়া, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অন্নদা প্রসাদ, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ওয়ালিফ মন্ডলসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক অনুষ্ঠানে ১১৭টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে একই পরিমাণ চালের ডিও তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
দুই উপজেলায় মোট ২১৩টি পূজামণ্ডপের জন্য ১ লাখ ২৮ হাজার ২০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।



























