শনিবার ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৫, ৯ অক্টোবর ২০২৬

জঙ্গল সলিমপুরে অস্ত্রসহ গ্রেফতার ৪

জঙ্গল সলিমপুরে অস্ত্রসহ গ্রেফতার ৪
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন অস্ত্রশস্ত্র ও চাঁদা আদায় তালিকার একটি খাতা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সীতাকুণ্ড থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অস্ত্র উদ্ধার ও চারজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল বলেন, বৃহস্পতিবার বিকেলে উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর বাহাদুরঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মোঃ মোরশেদ (৩৩), মোঃ রাসেল (৩০), মোঃ বাবু (৩২) ও মোঃ সাব্বির (৩২)। তাঁদের বাড়ি চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায়। তারা বর্তমানে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকার বিভিন্ন সমাজে বসবাস করছেন।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রাসেলের বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা রয়েছে। অন্যদিকে মোরশেদ, বাবু ও সাব্বিরের প্রত্যেকের বিরুদ্ধে দু’টি ডাকাতি ও একটি অস্ত্র মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে অভিযান চালিয়ে একটি শর্টগান, একটি চাইনিজ পিস্তল, নয়টি সীসার বুলেট, ছয়টি কার্তুজ, একটি টেঁটা, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক ও চাঁদা আদায়ের তালিকাসংবলিত একটি খাতা উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিনুল ইসলাম জানান, গ্রেফতার চারজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয়