রোববার ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ১১ অক্টোবর ২০২৬

দিবস পালনে নতুন পরিপত্র, সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

দিবস পালনে নতুন পরিপত্র, সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা
ছবি: সংগৃহীত

দেশব্যাপী জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন ও পালনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন নির্দেশনায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ও এ উপলক্ষে ছুটি ঘোষণার কথা বলা হয়েছে। পাশাপাশি দিবস পালন উপলক্ষে সাজসজ্জা, বড় ধরনের সাংস্কৃতিক আয়োজন এবং কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা যথাসম্ভব পরিহারের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত নতুন পরিপত্র জারি করে। এর মাধ্যমে গত ১১ মার্চ জারি করা জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন ও পালনসংক্রান্ত আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে।

নতুন পরিপত্রে জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণভাবে বিভিন্ন দিবস পালনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে দিবস উদ্‌যাপনে অতিরিক্ত সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব এড়িয়ে চলার কথা বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, রেডিও ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়ামের আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে কোনো ধরনের সমাবেশ ও শোভাযাত্রা আয়োজন করা থেকে বিরত থাকতে হবে।

কোনো সপ্তাহ পালনের ক্ষেত্রে সাধারণভাবে অনুষ্ঠানসূচি তিন দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। দিবস বা সপ্তাহ উপলক্ষে সরকারি কর্মসূচি আয়োজনের কারণে যাতে দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক গতি ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। এ ছাড়া আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পর আয়োজনের চেষ্টা করতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, নগদ অর্থ বা উপকরণ ব্যয়ের প্রয়োজন নেই—এমন সাধারণ অনুষ্ঠান ছুটির দিন কিংবা কর্মদিবসে আয়োজন করা যাবে। কোনো দিবস বা সপ্তাহ পালন উপলক্ষে রাজধানীর বাইরে কিংবা জেলা পর্যায় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব এড়িয়ে চলতে হবে।

সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখতেও নতুন নির্দেশনায় গুরুত্ব দেওয়া হয়েছে। একই ধরনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে আন্তর্জাতিক দিবস উদ্‌যাপনকে প্রাধান্য দিয়ে সমধর্মী দিবসগুলো একই তারিখে একত্রে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজন হলে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

নতুন পরিপত্রে দেওয়া সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়