সমন্বিত জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
রোববার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যের বড় একটি অংশ সমুদ্রবন্দর, নদীবন্দর ও স্থলবন্দর ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল। তাই বন্দরগুলোর কার্যক্রমে সমন্বয়, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর পরিকল্পনা গ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করা প্রয়োজন।
মন্ত্রী বলেন, জাতীয় বন্দর কৌশল প্রণয়নের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় বা সংস্থার কর্তৃত্ব ও দায়িত্বকে খাটো করে দেখার সুযোগ নেই। বরং সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একটি কার্যকর কৌশল প্রণয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশের জন্য সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশল প্রণয়নের প্রয়োজন দীর্ঘদিনের। অর্থনীতি ও বাণিজ্যের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে বন্দরের সক্ষমতা বৃদ্ধি, পরিচালন ব্যবস্থার আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা অপরিহার্য হয়ে উঠেছে। এ দীর্ঘদিনের প্রয়োজন পূরণে সরকার এখন জাতীয় বন্দর কৌশল চূড়ান্ত করার দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি জানান, এ উদ্যোগে জাইকা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সহযোগিতা করছেন। বাংলাদেশের উন্নয়ন অবকাঠামোসহ বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে কাজ করে আসা জাপান সরকারের সহযোগী সংস্থা জাইকা জাতীয় বন্দর কৌশল প্রণয়নেও সহায়তা দিচ্ছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও মতামত কাজে লাগিয়ে একটি বাস্তবসম্মত এবং কার্যকর কৌশলপত্র তৈরি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।



























