খেলাধুলার মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে তুলতে চাই : ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রোববার লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ডিসি কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন অবহেলিত ও কার্যত অচল অবস্থায় থাকা স্টেডিয়ামটি নতুন করে সাজানো হয়েছে। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একসময় এ স্টেডিয়ামে জমজমাট ক্রীড়া আয়োজন হতো। এবারের টুর্নামেন্টে বেশ কয়েকটি ক্লাব অংশ নিয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
তিনি আশা প্রকাশ করেন, এসব ক্লাবের মাধ্যমে শিশু-কিশোরেরা সুস্থভাবে বেড়ে ওঠার পাশাপাশি নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। এখান থেকেই প্রতিভাবান খেলোয়াড়েরা প্রতিষ্ঠিত হতে পারবে।
ত্রাণমন্ত্রী বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ একটি সামাজিক আন্দোলন। এ আন্দোলনের মাধ্যমে মাদক, জুয়া, ক্যাসিনো, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের চেষ্টা চলছে। খেলাধুলাও এ সামাজিক আন্দোলনের একটি অংশ। খেলাধুলা ও সংস্কৃতিচর্চার প্রসারে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
এ সময় লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশিত ডিসপ্লের প্রশংসা করেন মন্ত্রী।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বড়বাড়ী বসুন্ধরা ক্রীড়া চক্র ২-০ গোলে মর্নিং স্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে। এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে।
টুর্নামেন্টের সভাপতি ও লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সহধর্মিণী ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আব্দুল হাকিম।
এ ছাড়া বিএনপির স্থানীয় নেতাকর্মী, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



























