বুধবার ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮, ১৩ অক্টোবর ২০২৬

জাতীয় প্রেস ক্লাব থেকে পল্টন মোড় পর্যন্ত গণফোরামের মিছিল

জাতীয় প্রেস ক্লাব থেকে পল্টন মোড় পর্যন্ত গণফোরামের মিছিল
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন মোড়ে গিয়ে কর্মসূচি শেষ করেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, সরকারের বয়স মাত্র আট মাস। এই অল্প সময়ের মধ্যেই যেভাবে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলা যায়। সরকারের প্রতিশ্রুতি ছিল ‘সবার আগে বাংলাদেশ’। তা সত্ত্বেও বিদেশিদের স্বার্থরক্ষায় একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে এ সরকার। এরই মধ্যে জনগণের মনে প্রশ্ন জেগেছে, এ সরকার টিকবে তো, নাকি চার বছর ভালোভাবে দেশ চালাতে পারবে?

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ইউনূসের পরামর্শে একের পর এক অসম চুক্তির পথে পা বাড়ানো হচ্ছে। এই বন্দর নিজেরা উন্নয়ন করার সক্ষমতা ও মেধা বাংলাদেশের রয়েছে। প্রয়োজন হলে প্রযুক্তি আনা যেতে পারে, কিন্তু পুরো বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যায় না।

তিনি বলেন, সংশ্লিষ্ট কোম্পানির সদরদপ্তর আবুধাবিতে হলেও এর মালিকানা আমেরিকানদের হাতে এবং সিইও থেকে শুরু করে বিভিন্ন উচ্চপদে ভারতীয়রা রয়েছেন। জাতীয় সম্পদ এভাবে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চুক্তি অবৈধ ও অসম। অবিলম্বে এ চুক্তি বাতিল করতে হবে।

দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়