ট্রাক্টরচাপায় শিশু নিহতের প্রধান আসামি গ্রেপ্তার করল এসআরবি ১৩
দিনাজপুরের খানসামায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আবিদ হাসান নামের এক শিশু নিহতের ঘটনায় অভিযুক্ত চালক বিকাশ রায়কে (২৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। আজ ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিকাশ খানসামা থানার পশ্চিম হাসিমপুর গ্রামের সুশীল রায়ের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ২টা ৫ মিনিটের দিকে ভুক্তভোগী শিশু তার প্রতিবেশীর দোকানের সামনে খেলা করছিল। এসময় অভিযুক্ত বিকাশ একটি ট্রাক্টর-ট্রলি দ্রুত গতিতে চালিয়ে এসে ভুক্তভোগী শিশুকে আঘাত করে। ফলে শিশু আবিদ গুরুতর আহত হয়। আহত শিশুকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে খানসামা থানায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে হত্যা করার অভিযোগে একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৭)।
অভিযুক্ত বিকাশকে গ্রেপ্তার করতে এসআরবি-১৩ এর গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৩ অক্টোবর ২০২৬ তারিখ ভোর সাড়ে পাচঁটার সময় দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন বেলাইচন্ডী ইউনিয়নের বাঘাচড়া গ্রামের ধীরেন রায় (৬০), পিতা-হেলফা চন্দ্র রায়ের বাড়িতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত বিকাশকে গ্রেপ্তার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে র্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



























