বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
জাতীয়তাবাদী দল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও তিনবারের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতারা, বীর মুক্তিযোদ্ধা, মরহুমের রাজনৈতিক সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী অংশ নেন। জানাজার আগে তাঁর জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরিবার ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফনের কর্মসূচি তিন ধাপে সম্পন্ন হচ্ছে। প্রথম জানাজা শেষে দুপুর দেড়টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।
এরপর বিকেল ৩টায় শ্যামপুর-কদমতলী এলাকার ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন।



























