বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭, ১৪ অক্টোবর ২০২৬

এনবিআরে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারী চিহ্নিত করার নির্দেশনা

এনবিআরে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারী চিহ্নিত করার নির্দেশনা
ছবিঃ সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কর্মস্থলে দুর্নীতির অভিযোগ থাকলে তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবকে পাঠানো চিঠিতে সচিব সভার এই সিদ্ধান্ত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

রাজস্ব প্রশাসনে কর নির্ধারণ, রাজস্ব আদায়, শুল্কায়ন, ভ্যাট ব্যবস্থাপনা, কর অডিট ও করদাতাদের সেবা দেওয়ার মতো কার্যক্রমের সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি অপরিহার্য। তাই সচিব সভার সিদ্ধান্তে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

দাপ্তরিক কাজের অগ্রগতি পর্যবেক্ষণ, কর্মসম্পাদন পরিকল্পনা ও নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সরকারি কর্মচারীদের মধ্যে চাকরির ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে যেকোনো ধরনের তদবির করলে তা শৃঙ্খলাপরিপন্থী বিষয় হিসেবে দেখা হবে।

এসব নির্দেশনার আওতায় দেশের সব কর অঞ্চল, কাস্টমস হাউস, ভ্যাট কমিশনারেট, কর গোয়েন্দা ও তদন্ত সংস্থাসহ রাজস্ব প্রশাসনের বিভিন্ন দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসঙ্গে দাপ্তরিক কার্যক্রমের মূল্যায়ন এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত তদারকির ওপর জোর দেওয়া হয়েছে। এনবিআরের অধীন কর অঞ্চল, কাস্টমস ও ভ্যাটের বিভিন্ন দপ্তরকে এসব নির্দেশনা অনুসরণ করতে হবে।

সূত্রঃ দৈনিক ইনকিলাব

জনপ্রিয়