বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ১৫ অক্টোবর ২০২৬

টানা তৃতীয় দিনে রাজধানীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

টানা তৃতীয় দিনে রাজধানীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
ছবিঃ সংগৃহীত

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের এ আন্দোলন টানা তৃতীয় দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার সকালেও আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল ব্যাহত হয়। মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ থাকায় উত্তরা থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত বিভিন্ন স্থানে যানজট ছড়িয়ে পড়ে। এতে অফিসগামী মানুষ, যাত্রী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এর পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ না করায় তারা আর্থিক সংকটে পড়েছেন। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কার্যকর সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন।

শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা অবস্থান করছেন। তারা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যাননি। ফলে উত্তরার আজমপুর ও আশপাশের এলাকায় যান চলাচলে অচলাবস্থা অব্যাহত রয়েছে।

জনপ্রিয়