বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ। দুই সংস্থার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সরকার আশাবাদী।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভার ফাঁকে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইএমএফের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদল গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। এ সময় তথ্য আদান-প্রদানের পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হয়। এসব আলোচনার ধারাবাহিকতায় নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠকেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ উত্তরাধিকারসূত্রে যে অর্থনৈতিক পরিস্থিতি পেয়েছে এবং বর্তমানে বিশ্বজুড়ে যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, তা বিবেচনায় নিয়েই দেশের অর্থনৈতিক অগ্রগতি মূল্যায়ন করছে আইএমএফ। সামগ্রিক পরিস্থিতিতে বাংলাদেশের অগ্রগতিতে সংস্থাটি সন্তুষ্ট।



























