মিরপুর ও পল্লবীতে সাঁড়াশি অভিযান,নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় নাশকতা, বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিরোধে সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময় পল্লবীর কথিত কিশোর গ্যাংয়ের প্রধান ও কথিত সন্ত্রাসী আশিকের বাড়িসহ বেশ কয়েকটি বাসায় তল্লাশি চালানো হয়।
এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও চাঁদাবাজি প্রতিরোধে এ চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বেশ কয়েকটি বাসা থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, নাকফুলসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, পল্লবী এলাকায় নাশকতা, বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিরোধের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।



























