শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:২৭, ১৫ অক্টোবর ২০২৬

প্রকৃত শিক্ষা মানে শুধু চাকরি নয় - পানিসম্পদ মন্ত্রী

প্রকৃত শিক্ষা মানে শুধু চাকরি নয় - পানিসম্পদ মন্ত্রী
ছবিঃ সংগৃহীত

শিক্ষার সঙ্গে নৈতিকতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক শিক্ষার দিকে নজর না দিয়ে শিক্ষা অর্জন অনেক সময় বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আজ লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “শিক্ষা চিন্তাশক্তি বাড়ায়, সত্য-মিথ্যা এবং পক্ষপাতের মধ্যে পার্থক্য গড়ে তোলে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে বা পড়ালেখা শেষ করে শুধু একটা চাকরি নিয়েই আপনি কার্যক্রম শেষ করবেন, এটি প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সাথে নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ। আমাদের খুব বেশি প্রয়োজন ট্রু এডুকেশন (প্রকৃত শিক্ষা)।”

মন্ত্রী আরও বলেন, “নবীনদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা বজায় রাখতে হবে, দায়িত্বশীল হতে হবে এবং মানবকল্যাণে, সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে হবে। যদি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমকে অগ্রাধিকার না দেওয়া হয়, ক্রীড়াঙ্গনকে যদি নিজেদের সঙ্গে সম্পৃক্ত না করা হয় তাহলে এই শিক্ষা সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করতে পারবে না। সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে নৈতিকতা, সমাজে অবদান রাখা ও নিজেদের সেভাবে গড়ে তুলতে নজর রাখতে হবে।”

পানিসম্পদ মন্ত্রী বলেন, “একসময় হাতে-কলমে শিক্ষায় বেশি নজর দিতে হতো। আগে ইলেকট্রনিক মিডিয়া ছিল না, স্মার্টফোনও ছিল না। আজ এআইয়ের যুগ। আপনি এআইকে কীভাবে কাজে লাগাবেন, এটা নির্ভর করবে আপনার নিজস্ব দক্ষতা এবং উদ্দেশ্যের ওপর। এআই প্রযুক্তি দিয়ে আপনি শিক্ষকের সহযোগিতা নিতে পারবেন। চতুর্থ শিল্প বিপ্লবের সময় অনেক সুযোগ তৈরি হয়েছে। আজকে এআইয়ের মাধ্যমে চেষ্টা করলে লক্ষ্যে পৌঁছানো খুব সহজেই সম্ভব।”

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি।

সর্বশেষ

জনপ্রিয়