ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা বদলাতে আগ্রহীদের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে। এ-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কমিশন।
শনিবার (১৭ অক্টোবর) ইসির কর্মকর্তারা এ তথ্য জানান। ইতোমধ্যে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবর। জমা পড়া আবেদন ইস্যু করার শেষ তারিখ ৩ নভেম্বর এবং ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর।
সময়সূচি অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ভোটার স্থানান্তরের আবেদনগুলো নিষ্পত্তি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।



























