রোববার ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:৩৭, ১৭ অক্টোবর ২০২৬

৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা চলছে: আইজিপি

৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা চলছে: আইজিপি
ছবিঃ সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএম বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশব্যাপী ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা চলছে। এটা সম্ভব হয়েছে পূজা কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিচ্ছেন।

তিনি বলেন, প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে পূজা উদযাপিত হবে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জনগণকে গুজব থেকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, দেবী দুর্গার মতোই অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে লড়াই করে যেতে হবে।

আইজিপি বলেন, আমরা যে ধর্মের, যে মতের, যে বর্ণেরই হই না কেন; দেশটি আমাদেরই। সব অপশক্তি নির্মূল করে একটি সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধময় বাংলাদেশ গঠন করা আমাদের লক্ষ্য।

পুলিশ প্রধান বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে পাঁচ-সাত দিন পুলিশের কোনো কার্যক্রম ছিল না। তখন কারো নিরাপত্তা ছিল না, সবাই আমরা উদ্বিগ্ন ছিলাম। ছিনতাই, রাহাজানি, ডাকাতি বহু রকমের অঘটন ঘটেছে। আপনাদের সহযোগিতায় সেই জায়গা থেকে বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, সব অপশক্তি, সব অন্যায়, বৈষম্য দূর করে আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে সবার জীবনমান উন্নয়ন করতে সক্ষম হবো।

পূজা উদযাপন পরিষদ নেতারা পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশ সব পূজামণ্ডপ নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছে। ফলে নিরাপদে পূজা উদযাপিত হচ্ছে।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং পূজা উদযাপন পরিষদ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

জনপ্রিয়