রোববার ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:৪১, ১৮ অক্টোবর ২০২৬

বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ

বাঁশখালীতে এসআরবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয়ে মো. এহসান ওরফে হাসান (৩৬) নামে এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে অপহরণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিরা প্রকৃত এসআরবি সদস্য নন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান আব্দুল্লাহ এন্টারপ্রাইজ থেকে তাকে তুলে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কালো পোশাক ও মুখে মাস্ক পরা চার ব্যক্তি সেখানে উপস্থিত হন। তাদের মধ্যে দুজন দোকানের ভেতরে ঢুকে এহসানকে হাতকড়া পরিয়ে নিয়ে যান। অন্য দুজন বাইরে অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রের দাবি, ব্যবসায়ীকে প্রথমে সিএনজিচালিত অটোরিকশায় করে নাপোড়া থেকে কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং হাজী বাজারে নেওয়া হয়। পরে সেখান থেকে অন্য একটি অটোরিকশায় তাকে চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথার দিকে নিয়ে যাওয়া হয়। তবে তাকে বর্তমানে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ এহসান পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি এলাকার তেরিয়াকাটা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাজী নুরুল কবিরের ছেলে। দীর্ঘ ১২ বছর দক্ষিণ আফ্রিকায় থাকার পর দেশে ফিরে প্রেমবাজারে হার্ডওয়্যারের ব্যবসা শুরু করেন তিনি।

এহসানের চাচাতো ভাই জসিম উদ্দিন বলেন, “আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, এসআরবি পরিচয়ে যারা আমার ভাইকে নিয়ে গেছেন, তারা প্রকৃত এসআরবি সদস্য নন। কারা এবং কী কারণে তাকে নিয়ে গেছে, সে বিষয়ে কিছু জানি না। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। আমরা তার দ্রুত সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন চাই।”

বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ীকে নিয়ে যাওয়ার ঘটনায় ব্যবহৃত অটোরিকশার চালকদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তারা এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ব্যবসায়ী এহসানের পরিবারের অভিযোগের ভিত্তিতে পেকুয়ার নেজাম উদ্দিন ওরফে রেজু (৪২) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে তুলে নেওয়ার ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশের একাধিক দল অনুসন্ধান চালাচ্ছে।

এদিকে এসআরবি-৭, চট্টগ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় এসআরবির পরিচয় ব্যবহারকারীরা প্রকৃত সদস্য নন। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা প্রয়োজন।

সর্বশেষ

জনপ্রিয়