সোমবার ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০০:০৮, ১৯ অক্টোবর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামাল আর নেই

বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামাল আর নেই
ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমালেন কবি সুফিয়া কামালের মেয়ে বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাইদা কামাল টুলু।

রবিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। 

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সাঈদা কামালের বড় বোন সাবেক তত্ত্বাধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল।

দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে সাঈদা কামালকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র জানায়, সাঈদা কামালের একমাত্র মেয়ে বিদেশ থেকে ফেরার পর আগামী মঙ্গলবার তাকে দাফন করা হবে। এর আগে, ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা হবে। বর্তমানে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

সাইদা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়াশোনা শেষে শান্তিনিকেতনের কলাভবনে নকশা বিষয়ে প্রশিক্ষণ নেন। দেশ-বিদেশে তার বহু একক ও যৌথ চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বড় বোন সুলতানা কামালের সঙ্গে রণাঙ্গনে বাংলাদেশ ফিল্ড হাসপাতালে কাজ করেন সাইদা কামাল। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ‘সর্বাধিনায়কের বিশেষ প্রশংসাপত্র’ প্রদান করা হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়