মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ১৯ অক্টোবর ২০২৬

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে হামলা, আহত ৫, আটক ৪১ জেলে

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে হামলা, আহত ৫, আটক ৪১ জেলে
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে চালানো এ হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ৪১ জন জেলেকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে জাজিরা উপজেলার পালেরচর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। অভিযানকালে প্রায় দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নদীতে অভিযান পরিচালনার সময় জেলেদের সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শতাধিক জেলে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর চড়াও হন। এ সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযানে অংশ নেওয়া সদস্যরা নদীর পাড়ে অবস্থান নেন। পরে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যান এবং ঘটনাস্থল থেকে ৪১ জন জেলেকে আটক করা হয়।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, “পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানের সময় আমরা স্পিডবোটে অবস্থান করছিলাম। এ সময় জেলেরা আমাদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।” এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও জানান তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, অভিযানে গ্রেপ্তারের আশঙ্কায় জেলেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে অভিযান জোরদার করা হলে তাঁরা পালিয়ে যান। এ সময় ৪১ জন জেলেকে আটক করা হয়।

সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম বলেন, সরকারি অভিযান প্রতিহত করতেই জেলেরা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা অবৈধ কারেন্ট জাল ও ইলিশের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মা ইলিশ সংরক্ষণে চলমান অভিযানের মধ্যে এ হামলার ঘটনা নদীতে অবৈধ মাছ ধরার বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।
 

সর্বশেষ

জনপ্রিয়