বুধবার ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:১৬, ২১ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরে ডিজেল পাচারের অভিযোগে দুই কর্মচারী বরখাস্ত

চট্টগ্রাম বন্দরে ডিজেল পাচারের অভিযোগে দুই কর্মচারী বরখাস্ত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে ডিজেল পাচারে জড়িত যান্ত্রিক বিভাগের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বন্দর কর্তৃপক্ষ। ঘটনার প্রকৃত কারণ, দায়-দায়িত্ব ও আর্থিক ক্ষয়ক্ষতি যাচাইয়ের জন্য ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বরখাস্তরা হলেন ভাণ্ডার রক্ষক মাহমুদুর রহমান মান্না এবং সিনিয়র স্টোরম্যান সঞ্জয় কুমার দে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।

বন্দর সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর যমুনা অয়েল থেকে চট্টগ্রাম বন্দরের জোনাল ওয়ার্কশপ-ডি এর জন্য ১৮ হাজার লিটার ডিজেল নেওয়া হয়। এরমধ্যে ১৩ হাজার ৭৪৪ লিটার ওয়ার্কশপের ফুয়েল ট্যাংকে রেখে বাকি ৪ হাজার ২৫৬ লিটার ডিজেল পাচারের উদ্দেশে জেটির সংরক্ষিত এলাকা ত্যাগের চেষ্টা করা হয়। এ সময় বন্দরে নিয়োজিত নৌবাহিনীর গোয়েন্দা বিভাগের টিম বন্দরের অভ্যন্তরের ১ নং গেট সংলগ্ন কেমিকেল শেডের বিপরীত পাশে ডিজেল জব্দ করে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহমুদুর রহমান মান্না ও সঞ্জয় কুমার দে-কে সাময়িক বরখাস্ত করে অফিস আদেশ জারি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মির্জা রাকিবুল ইসলাম।

এদিকে যান্ত্রিক বিভাগের (জোন-সি) নির্বাহী প্রকৌশলীকে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। কমিটির সদস্যরা হলেন—সিনিয়র পারসোনেল অফিসার (আইআর), সিনিয়র অডিট অফিসার এবং নিরাপত্তা অফিসার (প্রশাসন)।

তদন্ত কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয়