চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে চার সহযোগীসহ অনিক দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বান্দরবান জেলা পুলিশ লাইনে কর্মরত। বর্তমানে ছুটিতে রয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) নগরের খুলশী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে খুলশী থানা-পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বান্দরবানের এক পুলিশ কনস্টেবল ও তার চার সহযোগীকে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় গ্রেপ্তার করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, চোরাই মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় প্রথমে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই পুলিশ কনস্টেবলসহ বাকিদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ওই পুলিশ সদস্যের সঙ্গে চোর চক্রের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, মামলার কাগজপত্র পাওয়ার পর ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



























