বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:০১, ২২ অক্টোবর ২০২৬

আলজিয়ার্সে বাংলাদেশ-আলজেরিয়া দ্বিপক্ষীয় বৈঠক

আলজিয়ার্সে বাংলাদেশ-আলজেরিয়া দ্বিপক্ষীয় বৈঠক
ছবিঃ সংগৃহীত

সার, ওষুধ, চামড়া ও বস্ত্র খাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়া। সেই সঙ্গে দেশটি তাদের বস্ত্রশিল্প পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অভিজ্ঞতা জানতেও আগ্রহ দেখিয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আলজিয়ার্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের দ্বিপক্ষীয় বৈঠকে এ আগ্রহ দেখানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে জ্বালানি, সার, কৃষি, বস্ত্র, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির হাইড্রোকার্বন খাতে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এর ফলে সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থার আওতায় আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সুযোগ তৈরি হবে। পাশাপাশি বাংলাদেশে শোধনাগার ও এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং কয়লা ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানে সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।

আলজেরিয়ান পেট্রোলিয়াম ইনস্টিটিউট বাংলাদেশের প্রকৌশলী ও টেকনিশিয়ানদের জন্য প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময়মূলক কর্মসূচি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রী পররাষ্ট্র দপ্তর পর্যায়ে নিয়মিত বৈঠকের গুরুত্ব তুলে ধরেন। যেখানে পরবর্তী বৈঠক শিগগিরই ঢাকায় অনুষ্ঠিত হবে। এছাড়া তারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপরও গুরুত্ব দেন।
 

সর্বশেষ

জনপ্রিয়