চাঁদপুরে ইলিশ শিকারের দায়ে ২০ জেলের কারাদণ্ড ও জরিমানা
চাঁদপুর জেলার পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকারের দায়ে ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড এবং জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল, নৌকা ও ইলিশ মাছ জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে জেলা টাস্ক ফোর্সের আওতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর আজ শুক্রবার সকাল ১০টায় বাসসকে জানান, অভিযানকালে ২০ জেলে আটক, ৩০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩টি ইঞ্জিনচালিত মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—শুক্কুর শেখ (২৫), মফিজ গাজী (৬০), সাব্বির গাজী (১৮), ফরহাদ গাজী (১৯), হাবিব খান (২০), তোফাজ্জল হোসেন (৫৫), সিয়াম পাটওয়ারী (২২), আলমগীর হাওলাদার (২৫), শহীদ গাজী (২৬), মো. আব্বাস (৪০), রিপন মিয়াজী (২০), মো. মাসুদ (৪১), নুর মোহাম্মদ (৩৫), দেলু সরদার (৪৫), মো. শাকিল (১৯), কালু খান (৩০), মো. হাবিব (৩৫), মো. হাবিব খান (৪০), মো. বারেক (২৮) ও মো. রবিউল ইসলাম (১৯)।
এসব জেলের বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
আটক ২০ জেলের মধ্যে ১৩ জনকে ১০ দিন করে সশ্রম কারাদণ্ড ও ৭ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড এবং জনপ্রতি এক হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জব্দকৃত ইলিশ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ এবং নৌকা কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়। জব্দ করা জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।



























