জাতীয় পার্টির নতুন মহাসচিব কাজী নাহিদ
বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি (কাজী জাফর)-এর মহাসচিব হিসেবে দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী মো. নাহিদকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসান হাবীব লিংকন ও নওয়াব আলী আব্বাস খান।
শনিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, আলহাজ্ব সেলিম মাস্টার, ব্যারিস্টার জুবায়ের হায়দার, ভাইস চেয়ারম্যান কামরুল হুদা, যুগ্ম মহাসচিব এ. এস. এম. শামীম, কাজী মোহাম্মদ নজরুল, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি গাজী ওমর ফারুক, এ ইউ এম মামুন চৌধুরী, মো. মহসীন মিয়া, জাতীয় যুব সংহতির আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার, এ. কে. এম. মাইনুল হক, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ ও সদস্য সচিব মেহেদী হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে গৃহীত সিদ্ধান্তগুলো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান দলটির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা।



























