বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৯, ১ অক্টোবর ২০২৬

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
ছবি: সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা জোরদার এবং মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঢাকা মহানগর উত্তর বিএনপি, মহানগর উত্তর যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সংগঠনগুলোর কেন্দ্রীয় দপ্তর থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।

সম্প্রতি রাজধানীর মিরপুরে মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে আলোচনা তৈরি হয়। এর মধ্যেই একাধিক সংগঠনের কমিটি বিলুপ্ত ও নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে আসে। তবে সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রকাশিত বিজ্ঞপ্তিতে রাড্ডা সেন্টারে হামলার ঘটনা সরাসরি উল্লেখ করা হয়নি। সেখানে বহিষ্কারের কারণ হিসেবে শৃঙ্খলাভঙ্গ, অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কথা বলা হয়েছে। আর যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্তির ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। একই সঙ্গে অল্প সময়ের মধ্যেই মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে পৃথক আরেক বিজ্ঞপ্তিতে বিএনপির তিন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন—শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কু। দলীয় বিজ্ঞপ্তিতে তাঁদের বিরুদ্ধে অনৈতিক আচরণ এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, কমিটির মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিগগিরই এ শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।

এর পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন—মহানগর পশ্চিমের সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্যসচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন।

এদিকে দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনের সহদপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নির্দেশে দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন ও সদস্যসচিব মো. হাফিজুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রমিক দল থেকেও চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহ আলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহ আলী থানা অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

এর আগে মঙ্গলবার অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ড সভাপতি মফিজুর রহমান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়