বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই: এমপি সরোয়ার
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য (এমপি) সরোয়ার আলমগীর বলেছেন, বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। অন্যায় করলে প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিচ্ছেন না। তাই সবাইকে সতর্ক থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফটিকছড়ি সদরে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। অন্যায় করলে প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিচ্ছেন না। তাই সবাইকে সতর্ক থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় নির্বাচনে যেভাবে তৃণমূল থেকে মনোনয়ন দিয়েছেন, ঠিক একইভাবে আগামী ইউপি নির্বাচনেও তৃণমূলের নেতাদের প্রাধান্য দেওয়া হবে।”
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী বলেন, “তৃণমূল হচ্ছে দলের প্রাণ। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপিকে ক্ষমতায় এনেছেন। তাই আগামী ইউপি নির্বাচনেও তৃণমূলের নেতাদের বেছে নেওয়া হবে।”
মতবিনিময় সভায় ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি উত্তর উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি ও নাজিরহাট পৌরসভা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন ও নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া প্রমুখ।



























