রোববার ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৭, ২০ জুন ২০২৬

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে সেই সমালোচনার জবাব দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

হাইতির বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য দেখিয়ে ৩-০ গোলের স্বস্তিদায়ক জয় তুলে নিয়েছে সেলেসাওরা।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে ব্রাজিলের জয়ের নায়ক ছিলেন ম্যাথিউস কুনহা। তার জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ব্রাজিল। পরে আরেকটি গোল যোগ করে জয় নিশ্চিত করে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচজুড়ে একের পর এক আক্রমণে হাইতির রক্ষণভাগকে চাপে রাখে ব্রাজিল। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সহজ সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। এছাড়া একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় ব্যবধান আরও বড় হয়নি।

এই জয়ে দুই ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট দাঁড়িয়েছে ৪। সমান পয়েন্ট থাকলেও উন্নত গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে উঠে গেছে তারা। ব্রাজিলের গোল ব্যবধান এখন প্লাস ৩।

আগের ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে সাময়িকভাবে শীর্ষে উঠেছিল মরক্কো। তবে ব্রাজিলের বড় জয়ের পর তারা নেমে গেছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে একটি জয় নিয়ে স্কটল্যান্ডের সংগ্রহ ৩ পয়েন্ট। হাইতি এখনও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে ম্যাচটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দুই দলের জন্যই। তবে হাইতির বিপক্ষে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেয়েছে আনচেলত্তির শিষ্যরা। তাদের লক্ষ্য এখন গ্রুপসেরা হয়ে পরের পর্বে ওঠা।

সর্বশেষ

জনপ্রিয়