সোমবার ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:১৮, ২৩ জুন ২০২৬

চারটি গিনেস রেকর্ডসহ নতুন ইতিহাস গড়লেন মেসি

চারটি গিনেস রেকর্ডসহ নতুন ইতিহাস গড়লেন মেসি
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের শুরুতেই যেন নিজের নামের পাশে আরও একগুচ্ছ ইতিহাস যোগ করে চলেছেন লিওনেল মেসি। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল করে শুধু সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান দখল করেননি, বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নেমে একদিনেই একাধিক মাইলফলক স্পর্শ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম তুলেছেন রোজারিওর এই তারকা।

মেসির অসাধারণ পারফরম্যান্সে নিজেদের প্রথম দুই ম্যাচে টানা জয় পেয়েছে আর্জেন্টিনা। আলজেরিয়াকে ৩-০ গোলে হারানোর পর ইউরোপীয় প্রতিপক্ষ অস্ট্রিয়ার বিপক্ষেও ২-০ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিশেষ করে অস্ট্রিয়ার দৃঢ় রক্ষণ ভাঙতে মেসির সৃজনশীলতা ও অভিজ্ঞতাই পার্থক্য গড়ে দেয়।

এই দুই ম্যাচের পারফরম্যান্সের সুবাদে একসঙ্গে চারটি উল্লেখযোগ্য রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন মেসি।

প্রথমত, বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৮ গোল করে তিনি ভেঙে দিয়েছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের দীর্ঘদিনের রেকর্ড।

দ্বিতীয়ত, বিশ্বকাপে সর্বোচ্চ ১৮টি জয়ের মালিক এখন মেসি। এতদিন ক্লোসার সঙ্গে যৌথভাবে এই রেকর্ডের অংশীদার ছিলেন তিনি।

তৃতীয়ত, আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচসহ বিশ্বকাপে মোট ২৮টি ম্যাচ খেলে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউসের ২৬ ম্যাচের রেকর্ডও পেছনে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

চতুর্থত, বিশ্বকাপে সর্বোচ্চ ২ হাজার ৪৮৯ মিনিট মাঠে থেকে ইতালির কিংবদন্তি পাওলো মালদিনির ২ হাজার ২১৭ মিনিট খেলার রেকর্ডও নিজের দখলে নিয়েছেন মেসি।

সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপের শুরুতেই একের পর এক রেকর্ড গড়ে লিওনেল মেসি আরও একবার প্রমাণ করলেন, ফুটবল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের একজন হিসেবে তার নাম চিরকালই বিশেষ মর্যাদায় উচ্চারিত হবে।

সর্বশেষ

জনপ্রিয়