আরও একটি ক্লাবের মালিক হলেন মেসি
ফুটবল মাঠের বাইরেও নিজের অবস্থান বিস্তৃত করছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবার স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবল ক্লাব দেপোর্তিভো এলদেনসের মালিকানা নিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে ক্লাবটির মালিকানা অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে দেপোর্তিভো এলদেনসে।
বিবৃতিতে বলা হয়, লিওনেল মেসির মাধ্যমে দেপোর্তিভো এলদেনসের অধিগ্রহণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে শত বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো।
ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রীড়া জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব মেসির মালিকানায় আসার মধ্য দিয়ে স্পেনের পেশাদার ফুটবলে এলদেনসের জন্য দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার যাত্রা শুরু হয়েছে। এই পরিকল্পনায় ক্লাবটির ক্রীড়াগত অগ্রগতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।
বর্তমানে কলম্বিয়ার বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রুপো টিএইচের মালিকানায় রয়েছে এলদেনসে। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও ফুটবল ক্লাবের মালিকানা রয়েছে প্রতিষ্ঠানটির। তবে এলদেনসের মালিকানা হস্তান্তরে মেসির চুক্তি স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
স্পেনে মেসির দ্বিতীয় ক্লাব
এলদেনসের মালিকানা নেওয়ার মধ্য দিয়ে স্পেনে দ্বিতীয় ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হলেন মেসি। এর আগে চলতি বছরের শুরুতে বার্সেলোনার পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়ার মালিকানা নিয়েছিলেন তিনি।
কর্নেয়ার তুলনায় এলদেনসে পেশাদার ফুটবলের উচ্চতর পর্যায়ে খেলায় এবারই প্রথম কোনো পেশাদার ফুটবল ক্লাবের মালিকানায় যুক্ত হলেন মেসি।
তবে স্পেনে একই সময়ে দুটি ক্লাবের মালিকানা ধরে রাখার ক্ষেত্রে নিয়মগত বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, একই মালিকের দুটি দল একই বিভাগের প্রতিযোগিতায় অংশ নিতে পারে না। বর্তমানে এলদেনসে ও কর্নেয়ার মধ্যে তিন বিভাগের ব্যবধান রয়েছে।
এক শতাব্দীর বেশি পুরোনো এলদেনসে
১৯২১ সালে প্রতিষ্ঠিত দেপোর্তিভো এলদেনসে দীর্ঘদিন স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুই বিভাগের বাইরে ছিল। ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে খেলার যোগ্যতা অর্জন করে ক্লাবটি।
তবে দ্বিতীয় বিভাগে দুই মৌসুম কাটানোর পর ২০২৫ সালে অবনমিত হয়ে তৃতীয় বিভাগে নেমে যায় এলদেনসে।
বর্তমানে স্পেনের এলদা শহরে অবস্থিত ৫ হাজার ৭৭৬ আসনবিশিষ্ট নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচ খেলে ক্লাবটি। মেসির মালিকানায় নতুন এই ক্লাব ভবিষ্যতে কীভাবে এগিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়।



























