চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে নাহিদ রানাকে
দুই মাসেরও বেশি সময় ধরে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। ইনজুরি কাটিয়ে ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিলেও আবারও নতুন করে চোটে পড়েছেন এই গতিতারকা।
কোমরের নিচের অংশের ব্যথা পুরোপুরি না সারায় দীর্ঘ সময় বোলিং করতে পারছেন না তিনি। ফলে উন্নত চিকিৎসার জন্য দ্রুতই তাকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, চিকিৎসার জন্য কাতারে যেতে পারেন নাহিদ।
চোটের কারণে বেশ কয়েকটি সিরিজে খেলা হয়নি নাহিদের। সুস্থ হয়ে মাঠে ফিরতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনও শুরু করেছিলেন তিনি। তবে গত মাসের শেষ দিকে আবারও কোমরের নিচের অংশে চোট পান এই পেসার। এরপর থেকে ব্যথা অব্যাহত থাকায় তার মাঠে ফেরার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
স্ক্যান করানোর পর গুরুতর কোনো সমস্যা ধরা না পড়লেও ব্যথার কারণে বোলিংয়ে ফিরতে পারছেন না নাহিদ। এ পরিস্থিতিতে তার সুস্থতা নিশ্চিত করতে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমার মনে হয় তাকে একটা স্ক্যান করানো হচ্ছে। সম্ভবত সে দেশের বাইরেও যেতে পারে যত দ্রুত সম্ভব। তাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যেখান থেকে সঠিক সময়সীমা দিতে পারছি না।’
এদিকে, চোটের কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নাহিদের খেলা নিয়ে শঙ্কা তৈরি হলেও এখনই তাকে পরিকল্পনার বাইরে রাখছে না টিম ম্যানেজমেন্ট। সিরিজটিতে খেলার সম্ভাবনা এখনো রয়েছে এই পেসারের।
হাবিবুল বাশার এ প্রসঙ্গে বলেন, ‘সে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতেও পারে, সে এখনো ছিটকে যায়নি। আপাতত আমরা এটা নিয়েই এগোচ্ছি।’



























