বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি নারী অধিনায়ক নাহিদা
বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি নেতৃত্বে এসেছে পরিবর্তন। দীর্ঘদিন দলকে নেতৃত্ব দেওয়ার পর এবার সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। নিজের ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার স্থলাভিষিক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। আর দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ব্যাটার সোবহানা মোস্তারি।
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন নিগার। তার সিদ্ধান্তের পর নতুন অধিনায়ক নির্বাচনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং। সেই আলোচনার ভিত্তিতেই নাহিদার হাতে দলের নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংপ্রধান রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘নির্বাচক প্যানেলের সদস্যদেরসহ অন্যদের সঙ্গে আমরা বসেছিলাম। এরপর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নাহিদার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সোবহানা মোস্তারি তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবে।’
নতুন অধিনায়ক হিসেবে নাহিদাকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে রফিকুল আরও বলেন, ‘নাহিদা বেশ দীর্ঘ সময় ধরে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছে। এখন আমরা মনে করছি, টি-টোয়েন্টি দলের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার সঠিক সময় এসেছে।’
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন নিগার সুলতানা জ্যোতি। অর্থাৎ, বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে না। সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
নতুন অধিনায়ক নাহিদা আক্তারের নেতৃত্বে এবার নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। থাইল্যান্ডে অনুষ্ঠেয় ‘আইসিসি উইমেন্স এমার্জিং নেশনস ট্রফি’ দিয়ে শুরু হবে তার অধিনায়কত্বের নতুন অধ্যায়। আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে টাইগ্রেসরা।



























