সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ জনের মরদেহ, আজ একসঙ্গে জানাজা
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মরদেহ নওগাঁর আত্রাইয়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো আত্রাইয়ে পৌঁছায়।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে মরদেহগুলো বাংলাদেশে আনা হয়।
মরদেহগুলো আত্রাইয়ে পৌঁছানোর পর স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। প্রিয়জনদের শেষবারের মতো একনজর দেখতে রাত থেকেই আত্রাই থানা কম্পাউন্ডে ভিড় করেন নিহতদের স্বজন ও স্থানীয়রা।
প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে নিহত সাতজনের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিহতরা হলেন—আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসনের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয় এবং কোনো খরচ ছাড়াই মরদেহগুলো আত্রাইয়ে নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হওয়া নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মরদেহ দেশে এসেছে। শুক্রবার সকাল ১০টায় মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে সাতজনের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হবে।’
নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা করেই জেলা ও উপজেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে বলেও জানান ইউএনও।
সৌদি আরবের রিয়াদের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আত্রাইয়ের সাতজনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।



























