বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:৪২, ১৯ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আশরাফ বেলকুচির দৌলতপুর ইউনিয়নের গোপরেখী দরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

নিহতের মামা আছির উদ্দিন বলেন, বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। এ সময় একদল দুর্বৃত্ত পেছন থেকে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। এ সময় তার স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান।

আছির উদ্দিন বলেন, তার ভাগনে আশরাফ আলী আওয়ামী লীগ সমর্থক ছিলেন। তবে দলে কোনো পদ-পদবি নেই। তবে এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন জানান, গতরাতে গোপরেখী দরপাড়া গ্রামে আশরাফ আলী নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়